দেড় বছর পর নতুনদের ওয়েব ডেটা মুছে ফেলবে গুগল

২৫ জুন, ২০২০ ০১:৪৪  
গুগল যেভাবে প্রচুর সেবা দেয়, ঠিক তেমনিভাবে ব্যবহারকারীর অনেক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। ব্যবহারকারীর ক্রোম ব্রাউজিং ডেটা, ইউটিউবের ভিউয়িং হিস্ট্রি, ম্যাপসে লোকেশন হিস্ট্রি অথবা অন্য যাই হোক সেগুলোর মাধ্যমে গুগল ঐ ব্যবহারকারীর বেশ ভালোভাবেই বুঝতে পারে। ব্যবহারকারীর এসব ডেটা একদিকে যেমন ব্যক্তিগত অভিজ্ঞতা উন্নতকরণে সহায়তা করে, অপরদিকে প্রাইভেসি ও নিরাপত্তার ক্ষেত্রে ভাবনারও বিষয়। তবে এখন থেকে নতুন ব্যবহারকারীদের হিস্ট্রি দেড় বছর পর পর মুছে ফেলবে গুগল। আর সেটি হবে স্বয়ংক্রিয়ভাবে। খবর এনগ্যাজেট। গতবছর গুগল তার ব্যবহারকারীদের তিন অথবা ১৮ মাস পরপর হিস্ট্রি স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার অপশন যুক্ত করে, তবে সেটি ডিফল্ট হিসেবে চালু ছিলো না। এর পরিবর্তে ব্যবহারকারীকে অটো-ডিলিট অপশন চালু করা কিংবা ম্যানুয়ালি ডিলিট করতে হতো। এখন পুরাতন ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহারের জন্য নোটিফিকেশন পেতে পারে। তবে কোম্পানি নিজে থেকে সেটির সেটিং পরিবর্তন করবে না। ডিবিটেক/বিএমটি